ঝালকাঠিতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে ছয়টি পরিবারের হাতে ব্যাটারিচালিত অটোরিকশার চাবি তুলে দেয়া হয়। অটোরিকশাগুলোর মূল্য পাঁচ লাখ ২৮ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: বশির গাজী, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দিন, পৌর সচিব শাহীন সুলতানা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
বক্তারা বলেন, সমাজসেবা বিভাগের এ উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোর নিয়মিত আয়ের একটি সুযোগ সৃষ্টি হবে। ব্যাটারিচালিত অটোরিকশা পরিচালনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
পৌরসভার আয়োজনে ও শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দরিদ্র মানুষদের ভিক্ষাবৃত্তিতে না গিয়ে বিকল্প উপায়ে উপার্জন করে পুনর্বাসন করতে ছয়টি পরিবার প্রত্যেককে ৮৮ হাজার টাকা মূল্যের একটি করে নতুন অটোরিকশা দেয়া হয়।



