তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহম্মদ বাবর।
তিনি বলেন, ‘সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে। কিন্তু বিগত সরকারের মতো এখনো জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।’
মাওলানা জহির উদ্দিন মুহম্মদ বাবর বলেন, ‘জনগণের কথা বিবেচনা না করেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল থাকার পরও তাদের সাথে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। অতীতে দেশে তেলের সঙ্কট দেখা দিলে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার আগে সেই সংসদীয় কমিটির সাথেও কোনো আলোচনা করেনি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিলেন, আর দেশের জনগণ তাকে দিনের আলোয় দেশছাড়া করেছে। বর্তমান সরকারও যদি এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াতে থাকে, তবে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জনগণের মনের ভাষা বুঝে সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপীকে নিয়োগ দিয়েছে। তার হাত ধরে দেশের অচল ব্যাংকিং ব্যবস্থা আরো ধ্বংসের দিকে যাচ্ছে। এই গভর্নরকে অপসারণ করে ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’
মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানার আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানার আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।



