মো: ইয়ামিন সরকার, দিনাজপুর (নবাবগঞ্জ)
এক রাতের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২৩ মে) রাত প্রায় ৯টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে বিদ্যালয় ভবনের ওপর আঘাত হানে প্রবল বাতাস। মুহূর্তেই বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষসহ মোট ৬টি কক্ষের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে কয়েকটি শ্রেণিকক্ষের বেঞ্চ, টেবিল ও শিক্ষা উপকরণেরও ক্ষতি হয়েছে। ছাউনি উড়ে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকে শ্রেণিকক্ষগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে নিয়মিত পাঠদান চালিয়ে নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, হঠাৎ প্রবল ঝড়ে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি শ্রেণিকক্ষসহ মোট ৬টি কক্ষের টিনের ছাউনি নষ্ট হয়েছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার করা না গেলে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক বলেন, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা জেনেছি। দ্রুত পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।
এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত মেরামত না হলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হবে।



