চিতলমারীর নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক

যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করব

‘গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারাদেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আমরা এ দেশের আলেম সমাজ, ইসলামী দলগুলো ও দেশপ্রেমিক মানুষেরা জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্ব দেই। ’

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Chitalmari
চিতলমারীর নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক
চিতলমারীর নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারাদেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আমরা এ দেশের আলেম সমাজ, ইসলামী দলগুলো ও দেশপ্রেমিক মানুষেরা জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্ব দেই। জুলাই বিপ্লব আমাদের হৃদয়ের চেতনা। আমাদের অন্তরের বাসনা। আমরা শপথ করি, যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ।’

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এ বিপ্লবের প্রতি আমাদের আবেগের কারণ হলো এ বিপ্লবের জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন জুলাই বিপ্লব হয়েছে ২০২৪ সালে। কিন্তু এর জন্ম হয়েছিল আরো এক যুগ আগে ২০১৩ সালে শাপলা চত্বরে। সেই বুনিয়াদের ওপর দাঁড়িয়ে একের পর এক আন্দোলন হয়েছে। যার ফলে আমাদের বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। কথায় আছে, জেলের মধ্যে জেল তার নাম সেল। সেই সেলে আমরা জীবন কাটিয়েছি। এভাবে জেল ও অনেক তাজা জীবনের মধ্য দিয়ে এলো ২০২৪-এর জুলাই মাস। মাদরাসা ছাত্ররা আন্দোলন করে ও জীবন দিয়ে সেই জুলাই সার্থক করেছে।’

নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন।