কালিয়াকৈরে খামারীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

হামলাকারীরা তিনটি লেগুনা ও কয়েকটি মোটরসাইকেল যোগে এসে ওই বাড়িতে হামলা লুটপাট বাড়িঘর ভাঙচুর করে।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
খামারীর বাড়িতে ডাকাতি
খামারীর বাড়িতে ডাকাতি |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে মৎস্য খামারী এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটসহ আসবাবপত্র ভাঙচুর করে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এমদাদ হোসেন তুলা মিয়ার স্ত্রী নার্গিস আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মাগরিবের নামাজ চলাকালীন সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল রাম-দা, কুড়াল, লাঠিসোটা নিয়ে ডাকাতদল তাদের বাড়িতে হামলা করে। এ সময় জীবন বাঁচাতে গৃহকর্ত্রী নার্গিস ও তার দুই পুত্রবধু বাড়ির পিছন দরজা দিয়ে বাইরে চলে যান। এ সময় মধ্যপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো: তুষার আহাম্মেদের নেতৃত্বে রাকিব মাসুদ, কালাম, হান্নান, শাহিন, শামীম, জাহিদসহ অজ্ঞাত একটি দল বাসার ভেতরে প্রবেশ করে বাসার নীচতলা ও দোতলার আটটি রুমে থাকা চারটি আলমিরা, আটটি ওয়ার্ডড্রব ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণ, ছয়টি মোবাইল ফোন, মাছ বিক্রি করে আলমিরাতে রাখা নগদ পনেরো লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় বাড়িতে ডাকাত ঢুকেছে এমন ডাক চিৎকারে বাড়ির আশপাশে লোকজন এগিয়ে আসে এবং স্থানীয় মাদরাসার মসজিদে এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে ডাকাতি হচ্ছে সংবাদ প্রচার করা হলে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতরা তাদের সাথে আনা দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়।

এ সময় পথচারীরা জানায়, হামলাকারীরা তিনটি লেগুনা ও কয়েকটি মোটরসাইকেল যোগে এসে ওই বাড়িতে হামলা লুটপাট বাড়িঘর ভাঙচুর করে।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবর রহমান, আব্বাছ উদ্দিন, শাহিন আলম, আবুল হোসেন, মজনু মিয়াসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার নেতৃত্বদানকারী তুষার আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কোর্ট চালান করার জন্য মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পুলিশকে আল্টিমেটাম দেন। অন্যথায় তারা নিজেরাই তুষারকে আটক করে আইনের হাতে সোপর্দ করবেন বলে ঘোষণা দেন।

তারা বলেন, তুষার একজন মাদক কারবারি এবং খারাপ প্রকৃতির লোক তার দায় বিএনপি নেবে না। তারা তুষারসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, মৌচাক ফাঁড়ির আওতাধীন জামালপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতি হচ্ছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এরা পূর্বপরিকল্পিতভাবেই ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাটসহ ভাঙচুর করে। প্রাথমিকভাবে জানা গেছে তুষার আহাম্মেদের নেতৃত্বে দলটি হামলা চালিয়ে ১৬ ভরি স্বর্গ নগদ ১৫ লাখ টাকা ও ছয়টি মোবাইল সেট লুট করাসহ প্রায় দেড় কোটির টাকা ক্ষয়ক্ষতি করেছে।

এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানায় পুলিশ।