উপার্জনের একমাত্র সম্বল রিকশা চুরি, দিশেহারা বৃদ্ধ

শুক্রবার (২৭ মার্চ) মাগরিবের নামাজ আদায় করতে পূর্বচাঁদকাঠি এবাদুল্লাহ জামে মসজিদের পাশে শিকল দিয়ে তালাবদ্ধ করে রিকশাটি রেখে যান আজহার শরীফ। নামাজ শেষে ফিরে এসে দেখেন, অজ্ঞাত চোরচক্র শিকল কেটে রিকশাটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ক্ষতিগ্রস্ত রিকশাচালক আজহার শরীফ
ক্ষতিগ্রস্ত রিকশাচালক আজহার শরীফ |নয়া দিগন্ত

ঝালকাঠি:

ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি বসুন্ধরা রোড এলাকার ৭০ বছর বয়সী আজহার শরীফের একমাত্র উপার্জনের সম্বল মোটরচালিত রিকশাটি চুরি হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে ঋণের বোঝা ও সংসারের খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ এই রিকশাচালক।

জানা গেছে, কয়েক মাস আগে একটি এনজিও থেকে ২৫ হাজার টাকা ঋণ নেন আজহার শরীফ। এর সঙ্গে নিজের কষ্টার্জিত আরও প্রায় ২৫ হাজার টাকা যোগ করে অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে একটি মোটরচালিত রিকশা তৈরি করেন। ওই রিকশা চালিয়ে স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের ভরণপোষণ চালাতেন তিনি। বর্তমানে ওই ঋণের এখনও চারটি কিস্তি বাকি রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মাগরিবের নামাজ আদায় করতে পূর্বচাঁদকাঠি এবাদুল্লাহ জামে মসজিদের পাশে শিকল দিয়ে তালাবদ্ধ করে রিকশাটি রেখে যান আজহার শরীফ। নামাজ শেষে ফিরে এসে দেখেন, অজ্ঞাত চোরচক্র শিকল কেটে রিকশাটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েন।

আজহার শরীফ জানান, রিকশাটি ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম। এই আয় দিয়েই সংসারের খরচ চালানোর পাশাপাশি শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও পালন করতেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাতা ও নাতি বাড়িতে এলে তাদের আপ্যায়নের খরচও এই রিকশা চালিয়েই বহন করতেন।

তিনি বলেন, “মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রিকশা রেখে যাই। নামাজ শেষে এসে দেখি রিকশা নেই। তখন হাউমাউ করে কান্না শুরু করি। পরে প্রতিবেশীরা আমাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পৌঁছে দেন।”

ঘটনার সময় শুক্রবার হওয়ায় আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ফলে চোরেরা কীভাবে রিকশাটি নিয়ে গেছে তা কেউ দেখতে পায়নি বলে জানান স্থানীয়রা।

রিকশা চুরির পর থেকে আজহার শরীফের উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বয়সের ভারে অন্য কোনো শ্রমজীবী কাজ করাও তার পক্ষে সম্ভব নয়। ঋণের কিস্তি পরিশোধ ও পরিবারের খরচ নিয়ে তিনি বর্তমানে চরম বিপাকে পড়েছেন।

এ অবস্থায় মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন অসহায় এই বৃদ্ধ।