বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাতিবাঁধা-অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে করতোয়া নদীর উপর নির্মিত হতে যাচ্ছে একটি ঝুলন্ত সেতু। প্রায় সাত কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, করতোয়া নদীর উপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে যে ভোগান্তি সৃষ্টি হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থী ও রোগীদের দ্রুত যাতায়াত নিশ্চিত হবে। এতে এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।



