বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার

বরিশালের বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: রাসেল মুনসীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

Location :

Gazipur
গ্রেফতার আসামি মো: রাসেল মুনসী
গ্রেফতার আসামি মো: রাসেল মুনসী |নয়া দিগন্ত

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: রাসেল মুনসীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১ সিপিসি-১ গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার রাসেল মুনসী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মো: সেরাজাহান মুনসীর ছেলে।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ নভেম্বর রাসেল মুনসীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-০৯, জিআর নম্বর-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর-৬/১৩। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই দীর্ঘদিন ধরে রাসেল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পরোয়ানাটি তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো: জাহিদুল ইসলাম র‍্যাব-৮ এর অধিনায়কের বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই প্রেক্ষিতে র‍্যাব-৮ এই সফল যৌথ অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে ঢাকার গাজীপুর থেকে নিয়ে এসে ২০ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।