ঝালকাঠিতে এক বিকাশ কর্মীর চোখে-মুখে গুল নামক মাদকদ্রব্য ছিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদরের শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ অ্যাজেন্ট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি অ্যাজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজন দুবৃত্ত তার গতিরোধ করে। পরে তার চোখেমুখে গুল জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। পরে এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, তাদের কর্মী অ্যাজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে পাঁচ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।



