রাণীনগরে জমির মালিকানা নিয়ে মারপিটে বাবা-ছেলে আহত

রাণীনগরে জমির মালিকানা নিয়ে মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবীর (৩৬) আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
আহত আমির হোসেন প্রামানিক ও আলমগীর কবীর
আহত আমির হোসেন প্রামানিক ও আলমগীর কবীর |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবীর (৩৬) আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার আবাদপুকুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা উপজেলার কালীগ্রাম মন্সিপুর গ্রামের বাসিন্দা।

আহত আমিরের ছেলে জাহাঙ্গীর আলম জানান, আবাদপুকুর চারমাথা মোড়ের একটু অদূরে কালীগঞ্জ সড়কের পাশে তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি ওই এলাকার আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডল প্রায় ২০ বছর ধরে দখল করে আছেন। দখলকৃত জমির মালিকানার কাগজপত্র দেখতে চাইলে মোফাজ্জল হোসেন কোনো কাগজপত্র দেখান না। এসব নিয়ে বেশ কয়েকবার বৈঠক বসলেও কোনো কাগজপত্র দেখাননি তিনি।

তিনি বলেন, ‘আমরা আমাদের সম্পত্তি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখলে বার বার রাতের অন্ধকারে বেড়া খুলে আবারো দখলের চেষ্টা করেন। এরই মধ্যে আবারো বেড়া দিলে সেই বেড়া খুলে ফেলে বুধবার রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করেন। আমরা জানতে পেরে বাধা দেই। এরপর বৃহস্পতিবার সকালে বসে মীমাংসার কথা বলে বাবা ও ভাইকে ডেকে নিয়ে মোফাজ্জলের ছেলে রুবেল ও রাজার নেতৃত্বে সাত থেকে আটজন মারপিট করে আহত করেন। স্থানীয়রা বাবা ও ভাইকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।’

আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ‘প্রায় ৩০ বছর আগে ওই ১৪ শতক জায়গা ক্রয় করে নামজারি করে খাজনা দিয়েছি। সেখানে ধান ভাঙা মিল স্থাপন করে ভোগদখল করে আসছি। এছাড়া জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের তিনটি মামলা আদালতে চলমান আছে। এরই মধ্যে আমার নির্মাণকৃত ঘর তারা ভেঙে ফেলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘জায়গা জমি নিয়ে মারপিটের ঘটনায় মোফাজ্জল হোসেনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’