টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Ghatail
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ |প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহতদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে একজন ও আহত অপর একজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সূত্র : বাসস