পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর বাজারের নান্না তালুকদারের ছেলে আনসার তালুকদার, নিত্যানন্দ কুন্ডুর ছেলে তপন কুন্ড ও নিকুঞ্জ দাসের ছেলে রতন দাস। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার উত্তর বাজারে তিন ব্যবসায়ীর গুদাম থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে এবং সরকারি লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’
অভিযান চলাকালীন র্যাবের সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



