সড়কে ঝরলো তরুণ ফুটবলারের প্রাণ, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে একটি নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাধনকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নিহত তরুণ ফুটবলার আবু সাঈদ বাধন
নিহত তরুণ ফুটবলার আবু সাঈদ বাধন |নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজারে নোহা (মাইক্রো) গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ বাধন (২১) নামে এক তরুণ ফুটবলার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহিন নামে আরো একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার নোয়াখানি গ্রামের রুহেল আহমদ। তিনি বিয়ানীবাজার অঞ্চলে তরুণ ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন।

জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে একটি নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাধনকে মৃত ঘোষণা করেন। পরে মাহিনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান স্বজনরা। দুর্ঘটনার পর ঘাতক চালক নোহা (মাইক্রো) ফেলে পালিয়ে যায়। পরে মাইক্রোটি পুলিশ জব্দ করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।