বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশে যেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশকে কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করার জন্য দেশী-বিদেশী যত ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। একইসাথে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের পূর্বে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর, সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে।।
বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার মিঠাছরা বাজারের শাশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সমর্থনে কেন্দ্র পরিচালকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানএকজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। তার সারা দুনিয়ার সাথে কানেক্টিভিটি আছে। এক দল তাদের ভয় দেখায়, তারা যেভাবে চায় সেভাবে যেনতেন একটি নির্বাচন দেয়ার জন্য ভয় দেখায়। চাঁদাবাজদের হাতে বাংলাদেশের নেতৃত্ব এ দেশের মানুষ আর তুলে দেবে না।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন আসন পরিচালক অধ্যক্ষ মো: নুরের নবীর সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।



