জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

শিক্ষার মান নিশ্চিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির বিকল্প নেই

‘মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটায় এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়, যা গুণগত শিক্ষাকে ব্যাহত করে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি |ছবি : নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিবি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যেসব পদক্ষেপ হাতে নিয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন, মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীরাই পড়ালেখায় বেশি মনোযোগী হতে পারে, নতুন বিষয় দ্রুত আয়ত্ত করতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটায় এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়, যা গুণগত শিক্ষাকে ব্যাহত করে।

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান বিশ্বের চাহিদা মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য সিলেবাস সংস্কার, আইসিটি নির্ভর শিক্ষাসহ নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি ইউনিসেফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং এটুআইসহ বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি (গড়ট) স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ থাকলে তাদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে সাধুবাদ জানান।

দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং রিসোর্স পার্সন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারের চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. ফাইজা আহমেদ। সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক সালমা পারভীন।

উল্লেখ্য, এই কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ড. মালেকা কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।