ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যান। জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারী দলের দু’জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়েন এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারী নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


