সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা, (ইনসেটে) হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা, (ইনসেটে) হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা |নয়া দিগন্ত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকিদের হাম উপসর্গে মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পাঁচ বয়সী শিশু বন্ধন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৩১১ জন রোগী।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ ১৬ জন (দু’জন রুবেলা), মৌলভীবাজারের ১৬ জন, সুনামগঞ্জের ৭৫ জন ও সিলেটের ৪২ জন রয়েছে।