চুয়াডাঙ্গা দামুড়হুদায় সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে সুজন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন তৃতীয় শ্রেণির ছাত্র, সে বারাদী গ্রামের রকিবুলের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বারাদী সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত পিচ বহনকারী একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়কে চলমান কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: চঞ্চল বলেন, ঘটনাটি শোনামাত্র আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



