উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে সর্বস্বান্ত পরিবার

কষ্ট করে গড়া আমাদের সবকিছু আগুনে শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজারও জায়গা নেই।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
আগুনে পুড়ে ছাই চারটি গরু, বসতবাড়ি, ধান, সরিষা ও আলু
আগুনে পুড়ে ছাই চারটি গরু, বসতবাড়ি, ধান, সরিষা ও আলু |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ একাধিক বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। রাতে হঠাৎ বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানান।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই পুরো বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি একটি রান্নাঘর, তিনটি বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, চার মণ সরিষা ও আলু নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কষ্ট করে গড়া আমাদের সবকিছু আগুনে শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজারও জায়গা নেই।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।