চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দখল করা মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর পেয়ে খাল দখলের অভিযোগে অভিযুক্ত সায়েদ মোল্লা বাড়ি থেকে পালিয়ে যান। তার সাথে ফোনে যোগাযোগ করে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা বলা হলেও তিনি উপস্থিত হননি।
পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিংয়ের বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দিপু খান ১০ হাজার টাকা নগদ মূল্যে এসব মালামাল কিনে নেন। তিনি পাঁচ দিনের মধ্যে মালামাল সরিয়ে নিয়ে খালটি সম্পূর্ণ অবমুক্ত করার কথা ইউএনওকে জানান।
অভিযান শেষে এক ব্রিফিংয়ে ইউএনও মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘খালটি দখলের অভিযোগ পাওয়ার পর সায়েদ মোল্লাকে সতর্ক করে ভরাট করা বালু সরিয়ে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য চার দিনের সময় দেয়া হয়েছিল। কিন্তু প্রায় ১৫ দিন পার হলেও তিনি কোনো মালামাল সরিয়ে নেননি। বরং নতুন করে আরো বালু ফেলে খালটির পুরো অংশ দখলের চেষ্টা করেন।’
ইউএনও বলেন, ‘নির্দেশনা অমান্য করে খাল দখলের চেষ্টা অব্যাহত রাখায় আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাল ভরাটে ব্যবহৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি সম্পত্তি দখল করে রাখার কোনো সুযোগ নেই।’
এদিকে দীর্ঘদিন পর শত বছরের পুরোনো খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।



