শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar

মাদারীপুরের শিবচর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের মধ্যে পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবায়দুর রহমান বেপারীর ছেলে আয়ান (২), মোঃ বাদল মাদবরের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫), আমির হোসেনের ছেলে আরিফ( ১২) গুরুতর আহত হয়। এছাড়া আরো কয়েকজন কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা রহমত আলী হাওলাদার বলেন, এলাকায় নিয়মিত দল বেঁধে কুকুর ঘোরাফেরা করে। এতে শিশুদের স্কুলে যাওয়া ও মসজিদে আরবি পড়তে যেতেও ভয় লাগে। বৃহস্পতিবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়।পরে কিছু সময়ের মধ্যে আরো কয়েকজনকে আক্রমণ করে।

তিনি আরো বলেন, আমার ভাতিজির মুখের মাংস পর্যন্ত তুলে নিয়েছে কুকুরে। প্রায় আধা ঘণ্টার মধ্যে ৭ থেকে ৮ জনকে কামড়ায়। প্রথমে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ঘটনার পর এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে না যেতে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।