ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ ৯৮ হাজার ৪৬৩টি। সেই হিসেবে জামানত রক্ষার জন্য একজন প্রার্থীর ন্যূনতম প্রয়োজন ছিল ৩৭ হাজার ৩০৮ ভোট।
নির্বাচনে এস এ জিন্নাহ কবির (বিএনপি) পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট, মো: তোজাম্মেল হক তোজা (স্বতন্ত্র) পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট, আবু বক্কর সিদ্দিক (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭১ হাজার ৩১০ ভোট, মো: আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র) পেয়েছেন ছয় হাজার ৯৬৬ ভোট, মো: খোরশেদ আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) পেয়েছেন তিন হাজার ২৪৭ ভোট, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন (গণঅধিকার পরিষদ) পেয়েছেন এক হাজার ৬৬ ভোট এবং মোহাম্মদ শাহজাহান খান (জনতার দল) পেয়েছেন ২৮৩ ভোট।
ফলাফলে দেখা যায়, এস এ জিন্নাহ কবির, মো: তোজাম্মেল হক তোজা ও আবু বক্কর সিদ্দিক ছাড়া বাকি চারজন প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, এ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ।



