ঝড়ো হাওয়ায় শরীয়তপুরে ভবনের দেয়াল ধসে আহত ৫

বুধবার (২৭ মে) সকালে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
শরীয়তপুরে পাশের ভবনের দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত টিনশেড ঘর
শরীয়তপুরে পাশের ভবনের দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত টিনশেড ঘর |নয়া দিগন্ত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ঝড়ো হাওয়ায় চারতলা ভবনের ছাদের দেয়াল ধসে নিচের টিনশেড ঘরের ওপর পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে আদর্শনগর এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তি চারতলা ভবন নির্মাণ করেন। একই সময়ে তার প্রতিবেশী বাবুল মোল্লা একটি আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করেন। ভবন নির্মাণের কয়েক বছর পর আবুল কালাম ছাদের চারপাশে ইটের দেয়াল নির্মাণ করেন।

বুধবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ভবনের ছাদের দেয়ালের একটি অংশ ভেঙে নিচের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘরের চালা ভেঙে যায় এবং ভেতরে থাকা বাসিন্দারা আহত হন।

ভুক্তভোগী নাসির উদ্দীন বলেন, “আমরা ঘরে বসে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দে পেছনে দেয়াল ধসে পড়ে। এতে ঘরের চাল ভেঙে যায় এবং ভেতরের সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। কয়েকটি ইট আমাদের গায়ের ওপরও পড়ে। এতে পরিবারের পাঁচজন আহত হই।”

ঘটনার পর ভবন মালিক আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের দেয়ালটি মজবুতভাবে নির্মাণ করা হয়নি। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ঝড়ো বাতাসের চাপে সেটি ধসে পড়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভবনের ওপর আরো একতলা নির্মাণের পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছর আগে দেয়ালটি তৈরি করে ফেলে রাখা হয়েছিল। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় থাকায় দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং ঝড়ে ধসে পড়ে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, “আমরা সরেজমিনে বিষয়টি তদন্ত করব। ভবনটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়ে থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”