চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশী সিগারেট জব্দ

সোমবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইটে করে আতিকুর রহমান নামের এক যাত্রী চট্টগ্রামে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর একটি যৌথ দল ওই যাত্রীর ওপর নজরদারি বাড়ায়। পরে তার ব্যাগেজ তল্লাশি করা হলে ৩০০ কার্টন সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায়। নিয়ম অনুযায়ী তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম’ মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বাসস