ভোলা-৪ আসনে নির্বাচনের দুই দিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এলাকা ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগে চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম সোহেলকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ বিতর্কের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ধানের শীষের প্রার্থীর পক্ষে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে সোহেল জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও তার পরিবারকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ও হুমকিমূলক কথা বলেন।
তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন সকাল ৭টা থেকে কেন্দ্র দখলে রাখার সক্ষমতা তাদের রয়েছে এবং বেশি বাড়াবাড়ি করলে নির্বাচনের দুই দিন আগে জামায়াতকে চরফ্যাশনে থাকতে দেয়া হবে না।’
এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্যে তারা আতঙ্কিত এবং বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’
হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার পর ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
অভিযোগ প্রসঙ্গে খায়রুল ইসলাম সোহেল দাবি করেন, ‘এটি তার রাজনৈতিক বক্তব্য এবং বিএনপি–জামায়াতের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও লোকমান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



