চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ : নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ সঙ্কটে ক্ষোভ প্রকাশ

‘বর্তমানে দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা দৃশ্যমান। সরকার সবকিছু ঠিক আছে দাবি করলেও গ্রামাঞ্চলের সার্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন।’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
জামায়াতের সমাবেশ
জামায়াতের সমাবেশ |নয়া দিগন্ত

দেশে সার, ডিজেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সঙ্কট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ‘বর্তমানে দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা দৃশ্যমান। সরকার সবকিছু ঠিক আছে দাবি করলেও গ্রামাঞ্চলের সার্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে বিদ্যুতের সঙ্কটে সর্বস্তরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষ আজ সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশী জামায়াতে ইসলামী সব সময় সংসদে ও রাজপথে জনগণ ও দেশের স্বার্থে কথা বলে যাচ্ছে।’

পদ্মবিলা ইউনিয়ন জামায়াতের আমির আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হোসেন।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে চুয়াডাঙ্গার সার্বিক সঙ্কট নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।