ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে পুলিশ গ্রেফতার আসামিদের আদালতে পাঠায়।
এর আগে শনিবার উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভাঙ্গা থানার এসআই কবির হোসেন মোল্লা মামলাটি করেন।
গ্রেফতার আসামিরা হলেন- মুনসুরাবাদ গ্রামের সাজ্জাদ শেখ (১৯), সিয়াম মোল্লা (১৯) ও আরমান মাতুব্বর (১৯), খাপুরা গ্রামের লালন শিকদার (৪০) ও শাহ আলম শেখ (২৭), মাঝিকান্দা গ্রামের ফয়েজ মিয়া (৩৫), হবিবুর রহমান কাজী (৫৮) ও মইনুল ইসলাম (১৮) এবং সিঙ্গারিয়া গ্রামের রাকিব শেখ (২৪), তারেক মোল্লা (৫৫) ও আইয়ুব মোল্লা (৫৫)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুনসুরাবাদ বাজারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুনসুরাবাদ গ্রামবাসীর সাথে পার্শ্ববর্তী খাপুরা, সিঙ্গারিয়া ও মাঝিকান্দা গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে এএসআই ডালিম ও মশিউর রহমান নামে দুই পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় আক্রমণকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বাঁশের লাঠি, তিনটি কাতরা ও অসংখ্য ইটের টুকরা উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মামলায় গ্রেফতার ১১ জনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।



