মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায়

উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
১৬ কেজি ওজনের কোরাল মাছ
১৬ কেজি ওজনের কোরাল মাছ |নয়া দিগন্ত

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি।

পরে নিলামে ২৪ হাজার টাকায় বিশাল আকৃতির মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সাথে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সাথে মাছটিও মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে রাজিব চৌধুরীর মৎস্য আড়তের কর্মচারী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনায় ইলিশের সঙ্কট চলছে। এর মধ্যে বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়।’

সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।