ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও জাহিদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জ্বালানি তেল সঙ্কটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় ডিজেল বিক্রি করে আসছিল মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



