সিলেট নগরীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি আবাসিক হোটেল সীলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
জানা গেছে, বুধবার বিকেলে পৃথক অভিযানে নগরীর রাজারগলি ও দক্ষিণ সুরমার দুটি হোটেলে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অভিযানে তাদের আটক করা হয়।
এসএমপি সূত্র জানায়, বুধবার বিকেলে কাতোয়ালি মডেল থানাধীন রাজারগলি-দরগা গেইট এলাকার হোটেল নির্জনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো: সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো: কামরুল ইসলামকে (৩৫) আটক করা হয়।
এরপর বিকেল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার তিতাস হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে মো: কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো: আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমাকে (৩৩) আটক করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে। এ সময় ১০ নারী-পুরুষকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।’



