ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে এ সংঘর্ষ হয়।
তার আগে সোমবার (১ জুন) রাতে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গ্রাম্য আধিপত্য নিয়ে এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়।
হোসেন গ্রুপের আহমেদ হোসেন অভিযোগ করে বলেন, ‘বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন প্রথমে অতর্কিত হামলা চালায়। আমরা তখন প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।’
অভিযোগ অস্বীকার করে শিশু গ্রুপের প্রধান প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া বলেন, ‘হোসেন গ্রুপের লোকজনই হামলা চালায়। হামলাকারীরা আমাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মারাত্মক আহত করেছে। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছি মাত্র।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিতভাবে অভিযোগ করেনি।’



