দায়িত্ব গ্রহণের পর পার্বত্যমন্ত্রীর প্রথম রাঙ্গামাটি সফর

রাঙ্গামাটি সফরে এসে দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় বলে কোনো খাত থাকবে না। সব সেক্টরেই সমান গুরুত্ব দেয়া হবে।’

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান |নয়া দিগন্ত

সরকারের মন্ত্রী পরিষদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ সংসদীয় আসন রাঙ্গামাটিতে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাহাড়ে বৈষম্যহীন উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ১৮০ দিনের নির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা তাকে বরণ করে নেন।

রাঙ্গামাটি সফরে এসে দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় বলে কোনো খাত থাকবে না। সব সেক্টরেই সমান গুরুত্ব দেয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব:) অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ অনেকে।

এর আগে কাউখালীর ঘাগড়া, মানিকছড়ি, বনরূপা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দীপেন দেওয়ান বলেন, ‘যেসব এলাকায় দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।’

দলীয় নেতাকর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সংশ্লিষ্টরা মনে করেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়নকে সামনে রেখে এখন নজর থাকবে পাহাড়ে ঘোষিত প্রতিশ্রুতির কার্যকর অগ্রগতির দিকে।