চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আহমদ ডিলার উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মাদকাসক্ত। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন। শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবার সাথে ইব্রাহীমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি লাঠি দিয়ে বাবাকে মারধর করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আহমদ ডিলারের।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘ বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। এই ছেলে মাকাসক্ত। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



