টাঙ্গাইলে ডা: শফিকুর রহমান

জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করে ছাড়ব

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইল জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Location :

Tangail
জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান
জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘দেশের মানুষ এখন ভালো নেই, দেশও ভালো নেই। গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। জনগণকে সাথে নিয়ে আমরা এসব দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ ।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইল জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘এখন সমাজে মানুষের কোনো নিরাপত্তা নেই। ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। ব্যাংকগুলো লুণ্ঠন হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, সেই বাকশালী কায়দায় দেশের সর্বত্র দলীয় লোকদেরকে বসিয়ে দেয়া হচ্ছে। আগের সেই পুরোনো পথেই হাঁটছে সরকার। ভাইবা পরীক্ষায় নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে দলীয় নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এসব রুখে দেব।’

জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন পাশের বিষয়ে বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘নির্বাচিত হওয়ার আগে আপনারা বললেন, আপনারা কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, অথচ এখন তাই করছেন। আপনারা কালামে হাকিমের সূরা নিসার চারটা আয়াতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন এবং রাসুলুল্লাহ সা:-এর হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সব প্রসিদ্ধ ওলামায়েকেরাম বলছেন এটা হারাম।’

তিনি বলেন, ‘সংসদে আমি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি যে, আপনি এ আইনের বিলে স্বাক্ষর করবেন না। তিনি যদি স্বাক্ষর করেন, তাহলে তিনি তার নিজের কথার বরখেলাপ করবেন। আমরা বলে দিচ্ছি, উনি তাতে স্বাক্ষর করুক না করুক, এ আইন বাংলাদেশ আমরা টিকতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানরা বেঁচে থাকা অবস্থায় এটা হবে না। সুস্পষ্টভাবে জাতির সাথে এটা ভালো না, এটার ফল কারো জন্য ভালো হবে না।’

ডা: শফিকুর রহমান তার বক্তব্যে, দেশ ও জনগণের স্বার্থে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা আমির আহছান হাবীব মাসুদের সভাপতিত্ব সমাবেশে জামায়াতের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।