মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া (৩৬) ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লব্দি এলাকার। তিনি শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন। দুলাল মনি দাস (৪২) উপজেলার শিবরামপুর এলাকার পরলোকগত সাধন মনি দাসের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর উপজেলাধীন বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী যাত্রীবাহী বৈশাখী পরিবহন লস্করপুরনামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নসিমনের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুলালের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট থেকে কাঠ নিয়ে মালবাহী নসিমনটি হাঁসাড়া এলাকায় মাল নামিয়ে বাড়ৈখালী ফিরছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



