ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী রুবেল বড়ুয়া বলেন, অভিযানে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের আর রহমান বেকারী, ঈদগাঁও সদর ইউনিয়নের জাগির পাড়ার আনন্দ বেকারী এবং জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ঈদগাঁও বাজারে ফুটপাত দখলের দায়ে দুইজনকে ১৫ হাজার টাকা এবং প্রধান সড়ক দখল করে ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মংচিনু মার্মা বলেন, যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।