খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাহ মো. জুনায়েদ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে খালিয়াজুড়ি উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে নিজ বাড়ির সামনে একটি গোয়ালঘর থেকে তাকে আটক করা হয়।
খালিয়াজুড়ি থানার এসআই নাজমুল হাসান জানান, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জুনায়েদকে গ্রেফতার করা হয়েছে।
খালিয়াজুড়ি থানার ওসি নাসির উদ্দীন জানান, ধর্মপাশা থানায় দায়ের হওয়া হত্যা মামলার পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা সদর আদালতে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, খালিয়াজুড়ি থানার নূরপুর বোয়ালী গ্রামের শাহ মো. ফজলুর রহমানের ছেলে জুনায়েদ উল্লিখিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



