মো: রেজোয়ান ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় পুলিশের অভিযানে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি স্থানে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলা পর আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।’



