ঘিওরে এলাকাবাসীর উদ্যোগে ভাড়া রাস্তা মেরামত

জনসাধারণের ভোগান্তি কমাতে এলাকাবাসী বালু ও মাটি ফেলে সাময়িকভাবে রাস্তাটি চলাচল উপযোগী করার কাজ শুরু করেন।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
রাস্তা মেরামত
রাস্তা মেরামত |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা-ধামশ্বর সংযোগ সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ জুলাই) সকালে পয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী প্রায় ১০০ মিটার মাটির রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন পয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মো: আনোয়ার হোসেন, তেরশ্রী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো: সাইফুল ইসলাম লাবলু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালা-ধামশ্বর সংযোগ সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়ন ও আশপাশের গ্রামের মানুষ ঘিওর বাজার, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদরের সাথে নিয়মিত যোগাযোগ করে থাকেন। দীর্ঘদিন রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির কারণে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় জনদুর্ভোগ অনেক বেড়ে যায়।

স্থানীয়দের দাবি, রাস্তাটির উন্নয়নকাজের জন্য টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করায় দুর্ভোগ আরো বেড়েছে। এ অবস্থায় জনসাধারণের ভোগান্তি কমাতে আনোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসী বালু ও মাটি ফেলে সাময়িকভাবে রাস্তাটি চলাচল উপযোগী করার কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে রাস্তাটি দিয়ে নিরাপদে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। তারা স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম বলেন, ‘বাঙ্গালা গ্রামের মানুষ নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন। সড়কটিতে আরো বেশ কিছু কাজ প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে, যাতে অন্তত সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করা যায়।’