জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন।
মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভিসি নবনিযুক্ত ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দফতরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়।
অধ্যাপক ড. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার গবেষণার প্রধান ক্ষেত্র বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ এবং মার্কেটিং। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তার প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।
করপোরেট জগৎ ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার অংশ হিসেবে তিনি বাংলাদেশসহ অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।



