স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অব নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করা সম্ভব। তারা জানান, পার্টনার ফিল্ড স্কুলের (পিএফএস) প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য কৃষকের মধ্যে ছড়িয়ে পড়ছে, যা কৃষির আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে জাতীয় ফল মেলা উপলক্ষে ফল বাগান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় কয়েকজন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। পরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমনের বীজ, মরিচের বীজ, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং বিনামূল্যে সার বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসকসহ অতিথিরা জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



