ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আন্দালিব সাদমান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অংশ নেন মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদরাসা ও এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ প্রধান হাবিবুল হক শরীফ, আটানী বাজার শাখার প্রধান মাওলানা আফাজ উদ্দিন, নতুন বাজার মাদরাসা শাখার প্রধান আবু নোমান, এমএন স্কুলের অধ্যক্ষ মো. শামীম এবং এনসিপির উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মাদরাসা ছাত্র আন্দালিব সাদমান রাফি নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরে পাশের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খোকন নামের একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।



