যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৯০০ গ্রাম স্বর্ণ, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিজিবির ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, জব্দ করা স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।
তিনি আরো বলেন, আটক হওয়া ব্যক্তি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করেছেন। সর্বশেষ তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই থেকে দুবাই যান। এরপর দুবাই হয়ে ঢাকায় এসে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।
বর্তমানে জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



