আশুলিয়ায় আগুনে পুড়ল প্রিন্টিং কারখানা ও ৭ দোকান

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Savar
আগুনে পুড়ে যাওয়া কারখানা ও দোকানপাট
আগুনে পুড়ে যাওয়া কারখানা ও দোকানপাট |নয়া দিগন্ত

আশুলিয়ায় কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং নামের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কারখানার পাশে থাকা চারটি মুদি দোকানসহ মোট সাতটি মুদি দোকান পুড়ে গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর পূর্বপাড়া এলাকার আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন প্রিন্টিং কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কালার মাস্টার মো: তারেক রহমান জানান, রাত ২টার দিকে তাদের কারখানার নিরাপত্তাকর্মীর খবরে দ্রুত ঘটনাস্থলে আসেন। দেখেন সব পুড়ছে। পরে ফায়ারসার্ভিসে খবর দেন। আগুনে তাদের প্রায় তিন লাখ টাকার কাপড়, দুইটি মেশিন, কম্প্রেশার মেশিন দুইটি, বেলকিউরিং মেশিনি একটি, জেনারেটর একটি অটোভ্যান একটি, কেমিক্যাল তিন লাখ টাকার, কম্পিউটারসহ সমস্ত মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ৩৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

এদিকে কারখানার পাশে থাকা চারটা মুদি দোকান, একটা বিকাশের দোকান, এনজিও অফিস, ইলেকট্রনিক্সের দোকান ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কারখানাসহ পাশের সাতটি দোকানও ভস্মিভুত হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।