অতীতে সিলেটে বিএনপির রাজনীতিতে দুইজন দুই মেরুতে নেতৃত্ব দিলেও নির্বাচনী প্রচারণা চালানো থেকে মন্ত্রী হয়ে সিলেট এসে একসঙ্গে দিন অতিবাহিত করলেন খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। এমন অভূতপূর্ব সম্প্রীতির ঘটনায় প্রশংসায় ভাসছেন সিলেটের এই নতুন দুই মন্ত্রী। বিষয়টি " টক অব দ্য সিলেট " হিসেবে আলোচিত হচ্ছে।
সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী এমপি নির্বাচিত হয়ে ঢাকায় গিয়েছিলেন, সেখান থেকে মন্ত্রী হয়ে এবার নিজ এলাকায় ফিরেছেন সিলেটের এই দুই কৃতি সন্তান।
সরকারি সফরে সিলেট ফিরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একসঙ্গে জুমার নামাজ আদায়, বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত একসঙ্গে করেছেন নবনিযুক্ত এই দুই মন্ত্রী। পরে দোয়া মাহফিলেও অংশ নেন দুই মন্ত্রী। বিকেলে শহরতলীর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেন তারা।
তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই গর্বিত সন্তান মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
শুক্রবার বাদ জুমা, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোয়া মাহফিল শেষে তারা একসাথে হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অর্জন দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। তিনি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ২ জনকে মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাদের দক্ষ নেতৃত্বে সিলেটসহ সারাদেশ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট–৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।



