সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনজুর মিয়া ধল আশ্রম গ্রামের সাদ উল্লার ছেলে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সাথে তার চাচাত ভাই আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মনি রানী তালুকদার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত আনজুর মিয়া হাসপাতালে আসার আগেই মারা গেছেন। দিরাই থানা পুলিশ সরকারি হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হাসপাতালে থাকা নিহত আনজুর মিয়ার লাশ ময়নাতদন্ত করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।



