জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী

ফেনীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সমাবেশে জেলা আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ‘আমরা দেখেছি ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গতকাল মিছিল করেছে। তারা দিনে-দুপুরে মিছিল করে। প্রশাসন থাকতে তারা কীভাবে মিছিল করে? প্রশাসন এর দায় এড়াতে পারে না।’

Location :

Feni
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফেনী শহরে গণমিছিল আয়োজন করে জেলা জামায়াত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফেনী শহরে গণমিছিল আয়োজন করে জেলা জামায়াত |নয়া দিগন্ত

ফেনী অফিস

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ জুলাই) বিকেলে শহরের বড় জামে মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

জেলা আমির মুফতি আব্দুল হান্নানের নেতৃত্বে মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ‘আমরা দেখেছি ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গতকাল মিছিল করেছে। তারা দিনে দুপুরে মিছিল করে। প্রশাসন থাকতে তারা কীভাবে মিছিল করে? প্রশাসন এর দায় এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির মিছিল করার আগে পুলিশ উপস্থিত হয়ে যেত।’

তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘ফ্যাসিবাদী আমলে আমাদের মিছিলে আপনারা গুলি করতেন। বাসায় গিয়ে ধরে নিয়ে আসতেন। আমরা কোথায় থাকি তা গোয়েন্দাদের মাধ্যমে বের করে নিয়ে আসতেন। আমাদের খুঁজে খুঁজে বের করে নিতেন। এখন কেন পারছেন না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। এসব মিছিল তাদের আশ্রয়-প্রশ্রয়ে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দেবো না। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আমরা চব্বিশের ৪ আগস্টে সংঘটিত মহিপাল গণহত্যার বিচার চাই।’

মিছিলে সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহীম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি শিহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।