পিরোজপুরের কাউখালীতে ডোবার পানিতে ডুবে সাবিদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিদ হোগলা এলাকার হাসান ইমাম নাঈমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু সাবিদ বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তাকে আর দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অমৃতা সরকার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।



