গণ-আন্দোলনে তরুণদের দেশপ্রেম ও সাহসিকতা দেশে নতুন অধ্যায় রচনা করেছে : পরিবেশ উপদেষ্টা

এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে। তাই প্রকৃতিবিরোধী যেকোনো উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জনসচেতনতার প্রয়োজন আছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান |নয়া দিগন্ত

‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের যে দেশপ্রেম ও সাহসিকতা দেখা গেছে তা দেশে আন্দোলনের এক নতুন অধ্যায় রচনা করেছে’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত সিনেট হলে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে। তাই প্রকৃতিবিরোধী যেকোনো উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জনসচেতনতার প্রয়োজন আছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে অধ্যয়নরত দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পুরনো সিলেবাস সংস্কারের পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মো: লুৎফর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. মো: নূরুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে জাতীয় পর‌্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এর আগে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মো: লুৎফর রহমান। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টের চূড়ান্ত পর্বে মোট ১৮৪ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

ইভেন্টগুলো হলো- উপস্থিত বক্তৃতা, লোকগীতি ও গণসংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, সৃজনশীল দলীয় নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।