মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য বদিউজ্জামাল (বদি) মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালে একটি এনজিওর মাধ্যমে গরু দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় অর্ধকোটি টাকা নেয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা প্রদান কিংবা অর্থ ফেরত দেয়া হয়নি।
ভুক্তভোগীরা একাধিকবার টাকা ফেরতের দাবি জানালে তিনি নানা সময় আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। পরে দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বেতন-ভাতাসহ প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। একপর্যায়ে প্রতারণার শিকার এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করলে তিনি পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত হন।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।



